২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাঁজরে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 10:07 AM

Updated : 25 Apr 2022, 01:18 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় তিনি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান বলে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম জানান।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মাহবুব-উজ-জামান রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।

এর আগে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ঢাকা ছাড়ার আগে তার প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“রাষ্ট্রপতির বুকের পাঁজরে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।”

গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন বলে জানান তিনি।

চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা বলে জানান প্রেসসচিব।

এর আগে গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি। আট দিনের সফর শেষে ১৫ মার্চ দেশে ফেরেন তিনি।

৭২ বছর বয়সী আবদুল হামিদ স্পিকারের দায়িত্বে থাকার সময় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন।

২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ গত বছরের নভেম্বরে সিঙ্গাপুর যান হামিদ।