গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে কালিয়াকৈর থানার এসআই মো. সাইদুর রহমান জানান, বুধবার সকালে শ্রীফলতলী ইউনিয়নের বকশিবাড়ি এলাকায় একটি গছ থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত মাশফিক বকশি (২২) ওই এলাকার নাজমুল (নাজু) বকশির ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাশফিক মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কালিয়াকৈর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এর পর আর ফেরেনি।
রাত ৯টার দিকে তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। পরে সকাল ৬টার দিকে বাড়ির একটু দূরে গাছে তার ঝুলন্ত লাশ দেখা যায়।
“গাছে লাশটি ঝুলে থাকার ধরণ দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং পরে গাছে দড়ি দিয়ে বেঁধে লাশটি ঝুলিয়ে দেওয়া হয়। নিহতের থুতনীসহ মাথা গাছের সঙ্গে বেঁধে রাখা ছিল।”
চেয়ারম্যান জানান, স্থানীয় একজনের সঙ্গে দুইদিন আগে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল মাশফিকের।
ওই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
তবে কার সঙ্গে বিরোধ হয়েছিল সে বিষয়ে কিছু জানাতে চাননি চেয়ারম্যান রফিকুল।
ঘটনা তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন এসআই সাইদুর।
