২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: আইনজীবীদের কর্মবিরতি-মানববন্ধন

নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনে নিহতদের লাশ নদী থেকে উদ্ধারের দিনে কর্মবিরতি ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 12:10 PM

সোমবার সমিতি মিলনায়তনে সাত খুনে নিহতদের এক স্মরণসভায় এ ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয় জনের লাশ ভেসে ওঠে। পরদিন পাওয়া যায় আরেকজনের লাশ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, লাশ উদ্ধারের দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আদালতে কর্মবিরতি। এরপর মানববন্ধন করবেন আইনজীবীরা।

অপহরণ ও হত্যার বছরপূর্তির এ দিনেও দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আদালতে কর্মবিরতি দিয়ে স্মরণসভায় অংশ নেন তারা।

সাত খুনের ঘটনায় সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ছয়জনকে আসামি করে নিহত নজরুলের স্ত্রী একটি এবং আইনজীবী চন্দনের পরিবার আরও একটি মামলা করে। ৮ এপ্রিল এ দুই মামলায় নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

তবে অভিযোগপত্রে পলাতক নূর হোসেন ছাড়া মামলার এজাহারে নাম থাকা পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়। নূর হোসেন বর্তমানে ভারতে কারাবন্দি। তাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

স্মরণসভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “এ ঘটনায় যারা র‌্যাবকে হত্যাকাণ্ডের জন্য ভাড়া করেছে, টাকার যোগান দিয়েছে তাদের মধ্যে শুধু নূর হোসেনের নাম অভিযোগপত্রে এসেছে।”

“নূর হোসেনকে ফেরত আনলেই যাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তারা প্রকৃত জড়িত কি না তা জানা যাবে।”

স্মরণসভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফজলুর রহমান, ওয়াজেদ আলি খোকন বক্তব্য রাখেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফজলুর রহমান বলেন, “দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদেরই আসামি করা হয়েছে। অযথা কাউকে এই মামলায় সম্পৃক্ত করা হয়নি।”