রানা প্লাজার নিখোঁজ ১০৪ শ্রমিকের পরিবার সহায়তা পাবে
রানা প্লাজা ধসের পর দুই বছরেও খোঁজ মেলেনি এমন ১০৪ জন শ্রমিকের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
শ্রমসচিব মিকাইল শিপার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, এই ১০৪ জনের বিষয়ে সরকারের তরফ থেকে গ্লোবাল ডোনার’স ট্রাস্ট ফান্ডকে জানানো হয়েছে।
“তাদের তালিকাও দেওয়া হয়েছে। এসব পরিবারকে ট্রাস্ট ফান্ড সহায়তা করবে। এই মুহূর্তে ফান্ডে পর্যাপ্ত অর্থ নেই। যেসব প্রতিষ্ঠান ফান্ডে অর্থ দেওয়ার কথা বলেছে, তাদের কাছ থেকে অর্থ পাওয়া গেলে এই সহায়তা দেওয়া হবে।”
রানা প্লাজা ধসের দুই বছর পূর্তি সামনে রেখে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন শ্রম সচিব।
তিনি জানান, রানা প্লাজা ধসের পর যাদের লাশ পাওয়া গেছে বা আহত অবস্থায় যারা হাসপাতালে মারা গেছেন তাদের বাইরে আরও ১৬৬ জনের কোনো খোঁজ না পাওয়ার তথ্য পরিবারের পক্ষ থেকে সরকারকে জানানো হয়।
“৪৮ জেলায় ওই ১৬৬ জনের স্থায়ী ঠিকানায় খোঁজ খবর নিয়ে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে তদন্ত করে ১০৪ জনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। জেলা প্রশাসকরা জানিয়েছেন এসব ব্যক্তি ওই সময় রানা প্লাজার কোনো না কোনো কারখানায় কাজ করতেন।”
t
“তবে ইতোমধ্যে আমরা যা জেনেছি, তাতে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, এদের অনেকেরই ঠিকানায় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার জানান, ওই ঘটনায় ধসে পড়া খবনের নিচে চাপা পড়ে এক হাজার ১১৭ জন এবং আহত অবস্থায় হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু হয়।
“এদের মধ্যে ২৯১টি মরদেহ সনাক্ত করা যায়নি। যাদের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া গেলে তাদের পরিবারকেও সহায়তার অর্থ দেওয়া হবে।”
শ্রমসচিব জানান, এ পর্যন্ত গ্লোবাল ট্রাস্ট ফান্ড থেকে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের ১৮৪ কোটি টাকা সগদ সুবিধা দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বা অনুদান পাওয়ার জন্য দুই হাজার ৮৭১টি আবেদন ছিল, এর মধ্যে যাচাই-বাছাই করে দুই হাজার ৮৩৯টি আবেদনে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এতে একজনের পরিবার দেড় লাখ থেকে ৭৪ লাখ টাকা পর্যন্ত পেয়েছেন বলে জানান তিনি।
গ্লোবাল ডোনার’স ট্রাস্ট ফান্ড হচ্ছে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশি পোশাকের ক্রেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের অনুদানে গঠিত তহবিল।
বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, “রানা প্লাজার দুর্ঘটনার পর দেশে এবং দেশের বাইরে নানান অপপ্রচার চলছিল, যেগুলো এখনও আছে। আমরা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ক্ষতিপূরণ দিয়েছি। আমাদের কারখানাগুলোও আন্তর্জাতিকভাবে কমপ্লায়েন্স।”
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান
কবির বিন আনোয়ার জানান, রানা প্লাজার ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত নিহত ৯৭৮ জনের পরিবারকে মোট ১৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
এছাড়া গুরুতর আহত ৩৮ জনকে চার কোটি ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
রানা প্লাজায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণ বাবদ প্রধানমন্ত্রীর তহবিলে সংগ্রহ করা অর্থ ব্যয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ও কয়েকটি সংস্থা যে প্রশ্ন তুলেছে তাও নাকচ করেন কবির বিন আনোয়ার।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর অধীনে রানা প্লাজার নামে কোনো তহবিল নেই বা কখনও ছিল না। প্রধানমন্ত্রীর দুটি তহবিল রয়েছে। একটি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং অন্যটি প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল।”
কবির বিন আনোয়ার জানান, ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সারা বছর দুস্থ ও পীড়িতদের আর্থিক সহায়তা দেওয়া হয়। দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থে এই তহবিল চলে। এ তহবিলে কোনো সরকারি বাজেট থাকে না।
আর স্বেচ্ছাধীন তহবিলে সরকারি বাজেট থাকে। এ তহবিল থেকেও বিভিন্ন সহায়তা দেওয়া হয়।
“উভয় তহবিল ব্যয়ের ক্ষেত্রে কঠোরভাবে আর্থিক অনুশাসন মেনে চলা হয় এবং নিয়মিত অডিট হয়ে থাকে। এরপরও বলব, কোনো সংস্থা যদি কিছু বলতে চায়, অবশ্যই জেনে বলবে। এখন তথ্য অধিকার আইন আছে, চাইলে সব তথ্যই আইনি প্রক্রিয়ায় পাওয়া যায়।”
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “টিআইবি কীসের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে তা তাদের বলা উচিৎ।”
খরচের বৃত্তান্ত
রানা প্লাজা যখন ধসে পড়ে তখন সাড়ে তিন হাজার শ্রমিকসহ প্রায় চার হাজার লোক ছিল ওই ভবনে।
সাভারে রানা প্লাজার স্থানটিতে তৈরি করা মিনারে বৃহস্পতিবার ফুল দিয়ে ভবন ধসে নিহতদের স্মরণ করা হয়।
এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি এবং রাজনৈতিক কর্মীরা স্বতস্ফূর্তভাবে উদ্ধার কাজে অংশ নেন।
২৫ এপ্রিল উদ্ধার কাজ সমন্বয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসিকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি করা হয়। টানা ২১দিন উদ্ধারকাজের পর ১৪ মে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
এই ২১ দিনে উদ্ধার কাজে মোট চার কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ২১৯ টাকা খরচ হয়েছে বলে একটি ‘খসড়া হিসাব’ তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে।
এই খরচের মধ্যে ঢাকা জেলা প্রশাসন দুই কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৮১৮ টাকা; সশস্ত্র বাহিনী এক কোটি ২১ লাখ ৩৬ হাজার ৯৬২ টাকা; অন্যান্য জেলা প্রশাসন ৩৫ লাখ ১৫ হাজার ৪৩৯ টাকা খরচ করেছে।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২৫ লাখ টাকা, ঢাকার পুলিশ সুপার ২৭ লাখ ৩ হাজার টাকা খরচ করেছেন।
দুর্ঘটনাস্থলের চারদিকে টিন দিয়ে ঘেরাও করতে তিন লাখ ৯৫ হাজার টাকা ব্যয় হয়েছে; আহতদের মধ্যে ২০৬টি শাড়ি, ১১১টি থ্রি পিস ও ১৫৮টি লুঙ্গি দেওয়া হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী উদ্ধারকর্মীদের সম্মানী, উদ্ধারকর্মীদের বিভিন্ন সরঞ্জাম কেনা, আম্বুলেন্স ও লাশবাহী গাড়ী চালকদের সম্মানী বাবদ ১২ লাখ টাকা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
