রংপুর মেডিকেল কলেজ খুলছে শনিবার
ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে ১০ দিন বন্ধ থাকার পর শনিবার খুলছে রংপুর মেডিকেল কলেজ।
বৃহস্পতিবার বিকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাডেমিক কাউন্সিলের সভায় শনিবার থেকে কলেজের সকল ক্লাস যথারীত চলার সিদ্ধান্ত হয়েছে। আর আবাসিক শিক্ষার্থীদের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে হলগুলো খুলে দেওয়া হবে।”
গত ১৪ এপ্রিল রাতে মুক্ত ছাত্রবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরদিন কলেজ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বেলা ৩টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
