মহড়ার জন্য কাতারের পথে ‘সমুদ্রজয়’
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহারে নৌ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের নৌ জেটি থেকে যাত্রা শুরু করে যুদ্ধ জাহাজটি।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোহারে ‘ফেরোশাস ফ্যালকন ২০১৫’ শিরোনামের এই নৌ মহড়া চলবে ১০ থেকে ২১ মে পর্যন্ত।
বাংলাদেশের ‘সমুদ্র জয়’ অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, অপহরণ ও চোরাচালান দমন, সমুদ্র পথে অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন সামুদ্রিক মহড়ায় কমান্ড প্ল্যাটফর্ম হিসেবে দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমডোর এ এ মামুন চৌধুরী ও ‘সমুদ্র জয়’-এর অধিনায়ক কমান্ডার এ কে এম আফজাল হোসেনের নেতৃত্বে নৌবাহিনীর ১৭ জন কর্মকর্তা, ৩২ জন প্রশিক্ষণার্থী ও ১৮৭ জন নাবিকসহ মোট ২৩৬ জন এ মহড়ায় অংশ নেবেন।
কাতার যাওয়ার পথে ‘সমুদ্র জয়’ শ্রীলংকার কলম্বোতে শুভেচ্ছ সফর করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মহড়া শেষে দেশে ফেরার পথে কুয়েত, বাহরাইন ও ভারতের কোচিতেও থামবে জাহাজটি।
১২ দিনের এ কর্মসূচিতে স্বাগতিক কাতার ও বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, বাহরাইন, কুয়েত, বেলারুশ, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত ও শ্রীলংকাসহ ২২টি দেশ অংশ নেবে।
দেড় মাসেরও বেশি সময়ের এই সফর শেষে আগামী ১৬ জুন দেশে ফিরবে ‘সমুদ্র জয়’।
