২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ১২ জুয়াড়ি দণ্ডিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়ার আসর থেকে আটকের পর দুই ব্যক্তিকে কারাদণ্ড ও ১০ জনকে অর্থদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বৃহস্পতিবার নির্বাহী হাকিম শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগের সঞ্জিত রায়, তিলকী স্বর্ণকার, ১নং পুলের শুক্কুর মিয়া, ২নং পুলের তাজুল মিয়া, সিন্দুরখান সড়কের কুতুব মিয়া, জাকির হোসেন, আছকির মিয়া, হোসনাবাদের সোহরাব মিয়া, সাইটুলার ময়না মিয়া, উত্তরসুরের কুমেদ সরকার, রামনগরের আকলু মিয়া ও বাড়ির মালিক সুরভীপাড়ার আব্দুল কাদের।

ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ জুয়াড়ির মধ্যে কুতুব ও বাড়ির মালিক কাদেরকে তিন মাস করে সশ্রম কারাবাস ও নগদ ২০০ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। এছাড়া অন্যদের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায়ের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওযা হয়।

তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে তিনি (ইউএনও) তিন পুলিশ সদস্য ও স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে উপজেলা সদরের  সুরভীপাড়ার আব্দুল কাদেরের বাড়িতে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেন।

রাতে তাদের থানা হাজতে রাখা হয়। বৃহস্পতিবার বেলা ২টার দিকে থানায় ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয় বলে জানান তিনি।

দণ্ডিতাদরে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।