ইউপিডিএফ নেতা রিকো চাকমা আটক
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গুইমারা থানার ওসি আবু ইউসুফ মিয়া জানান, বুধবার শেষ রাতে গুইমারা সেনানিবাসের সামনে ঢাকাগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদরে ২০১৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় বাধা প্রদান, পুলিশের উপর হামলাসহ তিনটি মামলা রয়েছে।
রাতেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে খাগড়াছড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. শামসুউদ্দিন ভূইয়া জানান, রিকু চাকমাকে সদর থানায় পুলিশ জিঙ্গসাবাদ করছে। তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিকো চাকমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রিকো চাকমা বুধবার (২২ এপ্রিল) রাতে গাড়িতে করে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
তাদের গাড়ি গুইমারা পৌঁছলে সেনা সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে আটক করে নিয়ে যায়। এখনও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সরকার সেনাবাহিনী ও পুলিশ দিয়ে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
বিবৃতিতে অবিলম্বে রিকো চাকমাকে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
