২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে গুলিতে স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে এক স্কুলছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বুধবার রাতে নিহত হাসানুর রহমান (১৫) উপজেলার বাকোসপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়ে হাসানুর বিএসএফের গুলিতে নিহত হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করলেও বিজিবি তা অস্বীকার করেছে।

মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, তিনি তদন্তে জানতে  পেরেছেন বুধবার রাতে একদল গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়।

ওই তদলে সদস্য হাসানুর সীমান্ত এলাকায় গুলিতে নিহত হয়।

ওসি বলেন, সঙ্গীরা তার লাশ বাড়ি নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেপা ইউনিয়নের বাকোসপোতা ওয়ার্ডের সদস্য সেলিম রহমান জানান, হাসানুর গরু আনতে গিয়ে বিএসএফর গুলিতে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটলিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্র নিহত হয়েছে। তার বাড়ি সীমান্ত থেকে ৮ কিলোমিটার দূরে বাকোসপোতা গ্রামে।

“তবে বিএসএফএর গুলিতে তার মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

“বিএসএফ যে ধরনের অস্ত্র ব্যবহার করে সে ধরনের অস্ত্রের গুলিতে ওই ছাত্র নিহত হয়নি,” বলেন তিনি।

অন্য কোনো ঘটনায় সে নিহত হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।