টাঙ্গাইলে যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলায় গামছা প্যাঁচানো ও হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইসলামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
বাসাইল থানার পরিদর্শক সোহরাব হোসেন জানান, আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। দুহাত পেছন দিক থেকে বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো ছিল।
অন্য কোথাও তাকে গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
