যাত্রীর অন্তর্বাস, জুতায় সোনার বার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীকে তল্লাশি করে তার জুতা ও অন্তর্বাসের ভেতরে চারটি সোনার বার পেয়েছেন শুল্ক গোয়েন্দারা।
আটক আবদুল মান্নান (৩০) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মালেকিন নাছের আকন্দ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আব্দুল মান্নানকে তল্লাশি করা হয়েছিল।
৪৬৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের ওই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানান তিনি।
বুধবার বিকালেও এ বিমানবন্দরে ওমান এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।
