২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কালবৈশাখিতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং ও নবীনগর উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাপায় এক গৃহবধূ ও শিশু ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 12:53 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

এরা হলেন- বানিয়াচংয়ের বাদাউড়ি গ্রামের ফজল মিয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূরজাহান বেগম (২২) ও তার ছেলে রবিন মিয়া (৪) এবং নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামের রমজান আলী ওরফে লাল মিয়া (৪০)।

বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, ভোররাতে বানিয়াচংয়ের ওপর দিয়ে কালবৈশাখি ঝড় বয়ে যায়। পাশের একটি কড়ই গাছ ভেঙে ফজলের টিনের ঘরের ওপর পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার রাত দেড়টার দিকে নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামে ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে তাতে চাপা পড়ে লাল মিয়া মারা যান।

নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  ভেঙে পড়া গাছ ও ঘরের নিচে চাপা পড়ে লাল মিয়া আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।