রবির পৃষ্ঠপোষকতায় প্রোগ্রামিং প্রতিযোগিতা ২৯ এপ্রিল
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলার পর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ৬টি দলকে নির্বাচিত করা হবে, যারা বুয়েটে চূড়ান্ত পর্বে অংশে নেবে।
মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৬৪ জেলার ৪০০টি স্কুলে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা স্থানীয় খ্যাতিমান স্কুলে অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায় শেষে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ জন প্রতিযোগী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। সব শেষে প্রতিটি ক্যাটাগরিতে একজন করে বিজয়ী হবেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি সচিব শ্যামসুন্দর শিকদার, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশীদ উপস্থিত ছিলেন।
