২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপীড়কদের মুখে ‘চুনকালি’ চান প্রবাসীরা

বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের ধরে প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 10:45 AM

Updated : 12 Oct 2022, 03:35 PM

উৎসবে আসা নারীদের ওপর এমন ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সুস্পষ্ট বিবৃতিও আশা করেন তারা।

বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বর্ণাঢ্য ‍অনুষ্ঠানের আয়োজন করে সেখানকার উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের পাশাপাশি লেখক-সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা এতে অংশ নেন।

এ বছর বইমেলায় এসে দুর্বৃত্তদের হামলায় নিহত যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের স্মৃতিতে এবারের বর্ষবরণ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখ বরণের অনুষ্ঠানে নারীদের ওপর হামলে পড়ে দুর্বৃত্তরা জাতির ললাটে কলঙ্ক লেপন করেছে। তাদের ধরে মুখে চুনকালি মেখে প্রকাশ্যে ঘুরাতে হবে। এ ধরনের ধিক্কার ও ঘৃণা প্রদর্শন ছাড়া এই অসভ্যতা বন্ধ হবে না।”

ওই ঘটনা নিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করে তিনি বলেন, “বর্ষবরণের মতো জাতীয় অনুষ্ঠানে যা ঘটে গেল সে বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কিছু বলেননি। এটা দুঃখজনক। এসব বিষয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আসা উচিত।”

লেখক-সমাজকর্মী বেলাল বেগ বলেন, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার ওপর একের পর এক আঘাত আসছে। কিন্তু দুর্বৃত্তরা ধরা পড়ছে না, এ অবস্থা চলতে দেওয়া যায় না।

প্রায় ১৫ বছর ধরে নিউ ইয়র্কে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করছে উদীচী। ঐতিহ্যবাহী পিঠা-পুলি বিতরণের মধ্য দিয়ে এবারের বর্ষবরণ শুরু হয়। শেষের পর্বে ছিল ৪২ রকমের ভর্তা-ভাজি-তরকারির সঙ্গে ভাত।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শতাধিক শিশু-কিশোর নাচ-গান, কবিতা আবৃত্তি ও অভিনয়সহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠান পরিচালনা ও নির্দেশনায় ছিলেন সুব্রত বিশ্বাস, জীবন বিশ্বাস, সাবিনা হাই উর্বি, ফারুক ফয়সল, জেবু চৌধুরী, লাকী খানসহ অন্যান্যরা।