২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি: জাহাঙ্গীরনগরে আট ছাত্র বহিষ্কার

বাংলা নববর্ষের উৎসবের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2015, 08:48 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

হয়রানির শিকার সেই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এই নির্দেশ দেন বলে উপ উপাচার্য আবুল হোসেন জানান।

শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে যৌন নিপীড়নের ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযোগকারী ও বহিষ্কৃতদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।”

শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন অভিযোগ সেল’- এর সভায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

নির্যাতিত ছাত্রীর অভিযোগ, পহেলা বৈশাখ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় তিনি ও তার এক সহপাঠীর ওপর হামলা হয়। হামলাকারীরা ছিল ছাত্রলীগ কর্মী।

“বোটানিক্যাল গার্ডেনে বিভাগের অনুষ্ঠান শেষে আমরা হলের দিকে যাচ্ছিলাম। চৌরঙ্গী মোড়ে সালাম-বরকত হলের পাঁচজন ছাত্র আমাদের থামায়। তারা আমাদের ঝোঁপের আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।”

হামলাকারীদের একজন ওই ছাত্রীর শাড়ি ধরে টান দেয় বলে সঙ্গে থাকা তার সহপাঠী জানান। তিনি বলেন, “আমরা চিৎকার শুরু করলে তারা চলে যায়।”

অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ সংগঠন থেকে পাঁচজনকে সাময়িক বহিষ্কারের কথা জানান।  

এই পাঁচজন হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইমতিয়াজ, সালাম-বরকত হল ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাফিস ইমতিয়াজ, ছাত্রলীগকর্মী নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুর রহমান ইফতি, ভূগোল ও পরিবেশ বিভাগের রাকিব এবং নৃবিজ্ঞান বিভাগের নুরুল কবির।

এরা সবাই শহীদ সালাম-বরকত হলের ছাত্র এবং সাধারণ সম্পাদক রাজীবের অনুসারী হিসেবে পরিচিত।

সংগঠন থেকে বহিষ্কারের পর বৃহস্পতিবারই তারা হল ছেড়ে গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাজীব। 

এদিকে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি তারা এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’- এর সংগঠক সুজা উদ দোলা বলেন, “সদাজাগ্রত প্রতিবাদী জাবি কখনোই অন্যায় অত্যাচার মেনে নেয়নি, এখনও নেবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব।”