২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মেয়াদ বাড়ল

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এই পদে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এ নিয়ে চতুর্থবার বাড়ানো হলো।

২৮ এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আগ্রহী ছিলেন ছালাম। তবে প্রার্থী হিসাবে দলের সমর্থন পেয়েছেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৫ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”

আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। সবার দোয়া নিয়ে আমি শুধু কাজ করে যেতে চাই।”

২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএ’র চেয়ারম্যান পদে আসেন ছালাম। তিনিই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি।

মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে নগর আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় হওয়া ছালাম ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা। ২০০৬ সাল থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আছেন তিনি।

আবদুচ ছালামের মেয়াদেই সিডিএ’র তত্ত্বাবধানে নগরীতে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ করা হয়।

ফ্লাইওভারটি নির্মাণের সময় ২০১২ সালের ২৪ নভেম্বর গার্ডার ধসে ১৩ জনের মৃত্যু হলে সমালোচনার মুখে পড়েন সিডিএ চেয়ারম্যান।

গত বছরের নভেম্বর মাসে মুরাদপুরে সিডিএর তত্ত্বাবধানে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এছাড়া নগরীর দেওয়ানহাটে একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়েছে। কদমতলি এলাকায় আরেকটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে।

ছালাম একের পর এক ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা বলে আসছেন চট্টগ্রামের ডিটেইল এরিয়া প্ল্যানে যানজট নিরসনে এসব ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব ছিল না।

আবদুচ ছালামের মেয়াদে নগরীতে বেশ কয়েকটি সড়কও সম্প্রসারণ করা হয়েছে।