ইউনেস্কো সভায় ‘শান্তিতে’ জোর বাংলাদেশের
সন্ত্রাস ও সহিংসতা এড়িয়ে ‘শান্তি’ প্রতিষ্ঠার জন্য বিশ্ব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থার নির্বাহী পর্ষদে বাংলাদেশের প্রতিনিধি কামাল আবদুল নাসের।
বিশ্বকে মানবজাতির জন্য বাসযোগ্য করতে সারা বিশ্বের শিক্ষা কার্যক্রমের পাঠ্যসূচিতে ‘বিশ্ব শান্তির জন্য শিক্ষা’অর্ন্তভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মঙ্গলবার ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৯৬তম সভায় বক্তব্যে প্রতিবন্ধীদের শিক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ সরকারের এই জ্যেষ্ঠ সচিব।
অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের মূল স্রোতধারায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।
একই অনুষ্ঠানে এশিয়া-প্যাসিফিক (এএসপিএসি) গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সদস্য দেশগুলোর জন্য আরেকটি বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কামাল। দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে বিবাদ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
ইউনেস্কোর নির্বাহী পর্ষদের সভায় পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন কামাল আবদুল নাসের। নির্বাহী পর্ষদের সব সদস্যকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।
প্রতিনিধি দলের অন্যরা হলেন- প্যারিসে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ম. শহিদুল ইসলাম, ইউনেস্কো বিষয়ক বাংলাদেশের জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, কাউন্সিলর মোহাম্মদ হযরত আলী খান এবং ফার্স্ট সেক্রেটারি ফারহানা আহমেদ চৌধুরী।
গত সোমবার থেকে শুরু হওয়া ইউনেস্কোর নির্বাহী পর্ষদের সভায় সভাপতিত্ব করেন নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট মিশরের মোহামেদ সামেহ আমের। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান ছিলেন ইউনেস্কোর মহাপরিচালক মিস ইরিনা বোকোভা।
