২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না ইসি: তাবিথ

আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন সব ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 10:06 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

সোমবার মিরপুর এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় শাহ আলীর মাজার থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে বক্তব্যে এই অভিযোগ করেন।

মিরপুরে তাবিথের প্রচারের সময় মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে সভা করছিলেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

তাতে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাবিথ বলেন, “আমরা দেখছি, সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে একাধিক বার আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। সরকারদলীয় প্রার্থী একটি কমিউনিটি সেন্টার ব্যবহার করে নির্বাচনী সভা করেছেন। এটা একটা উদাহরণ।”

“কিছু কিছু ক্ষেত্রে সিইসি দায়িত্ব নিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে এড়িয়ে গেছেন,” বলেন বিএনপি সমর্থিত এই মেয়র প্রার্থী।

সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন পারেনি বলে দাবি করেন তিনি।

“নেতাকর্মীরা হামলা-মামলার ভয়ে আত্মগোপনে আছে অথবা বিনা অপরাধে কারাগারে রয়েছে। আমি এখনও চাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার আমাদের দিকে তাকিয়ে উনারা যে প্রত্যাশা দিয়েছিলেন যে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ ইলেকশন হবে, সেটা যেন কাজে-কর্মে তারা নিশ্চিত করেন।”

নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহিনীর সহযোগিতাও চেয়েছেন এফবিসিসিআইয়ের সাকে সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর এই ছেলে।

দুপুর ১টার পর শাহ আলী মাজারের সামনে আসেন তাবিথ। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও ২০ দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানায়।

মাজারে জোহরের নামাজ পড়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি। এসময় টেলিভিশন ক্যামেরার সামনে মুখ দেখাতে নেতা-কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

তখন তাবিথের বক্তব্য না নিয়েই গণমাধ্যমকর্মীরা মাজার থেকে বেরিয়ে আসেন। নেতাকর্মীদের সামলাতে হিমশিম খেতে দেখা যায় তাবিথের নিরাপত্তাকর্মীদেরও।

খানিক পরে সাক্ষাৎকার নিতে গণমাধ্যমকর্মীদের জন্য স্থান ছেড়ে দেওয়া হলেও তাবিথ কথা বলা শুরু করতেই শুরু হতেই পুনরায় হুড়োহুড়ি সৃষ্টি হয়।

এ ক’জন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, মেয়র হলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন- জানতে চাইলে তাবিথ বলেন, “এটা নিয়ন্ত্রণ কোনো ব্যাপার না। এখানে জনগণের খুশি মন, আবেগ, চাহিদা, আকাঙ্ক্ষা, তারা অপেক্ষা করতে পারছে না ২৮ এপ্রিলের জন্য। তারা আরও আগে তাদের রায় দিয়ে দিতে চায়।

“এখানে দেখছেন যে জনগণের বিশাল জোয়ার চলে এসেছে। ২০ দলীয় জোটের প্রার্থী আমি, বাস মার্কার বিজয় নিশ্চিত। আমি মনে করি, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরত আসবে, আর আমরাও জনগণের ভোটের অধিকার রক্ষা করতে পারব।”

মাজার থেকে বেরিয়ে সেই এলাকায় ভোটারদের সঙ্গে হাত মেলান তাবিথ। সোমবার তার প্রচারণা ছিল মিরপুর অঞ্চলে।