২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জিপ-ইজিবাইক সংঘর্ষ, আহত ১৩

কক্সবাজার শহরে বিজিবি সদস্যদের বহনকারী একটি জিপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বিজিবির চার সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার বিকালে হোটেল-মোটেল জোন এলাকার কলাতলী রোডে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারস্থ বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বিজিবি সদস্যদের টইলরত গাড়িটি কলাতলী থেকে আসার পথে রাস্তা পারাপাররত একটি গরুকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি-বাইককে (অটোরিকশা) ধাক্কা দেয়।

এতে জিপে থাকা বিজিবির চার সদস্য, অটোরিকশার সাত যাত্রী ও দুই জন পথচারী আহত হন।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আহত বিজিবি সদস্যরা হলেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের হাবিলদার কাওসার, সিপাহি গফুর, সিপাহী শাহাজালাল ও সিপাহী সমীর।

টমটম যাত্রীরা হলেন আবুল কাশেম (২৮), সৈয়দ আহমেদ (২৫), নাছিমা (৮), রেহেনা আক্তার (৩২), জাহিদ হাসান (২৫), শাহাজালাল (২০) ও শাহিন আকতার (২২ )।

এছাড়া আহত পথচারীরা হলেন আবুল বশর (২০) ও মো. আমিন (২৫)।