২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে পুলিশের গুলিতে ‘ডাকাত’ নিহত

ঢাকার কেরাণীগঞ্জে পুলিশের গুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, রোববার রাত ৩টার দিকে প্রহরী ভিটা এলাকায় নবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি তিনি।  

মডেল থানার এসআই মোহাম্মদ মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জনান, গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল নবাবগঞ্জ মহাসড়কে গাছ ফেলে অবরোধ দিয়ে রামদা, চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে যানবাহন থামিয়ে ডাকাতি করছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পুলিশের উপর চড়াও হয়।

“পুলিশও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে অন্যরা পালিয়ে যায়।”

পরে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি রামদা ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

এসআই মনোয়ার আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ডাকাতি চেষ্টার মামলা করেছে বলে জানান তিনি।