২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাপীর মামলা নারী নির্যাতন ট্রাইব্যুনালে

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 04:28 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

রুবেলকে অব্যাহতি দিয়ে আদালতে দাখিল করা পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই হবে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আতাউল হক সোমবার মামলা স্থানান্তরের এই আদেশ দেন। রুবেল এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপী। তবে অভিযোগ অস্বীকার রুবেল বলে আসছেন,এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।

এ মামলায় চারদিন কারাগারেও ছিলেন রুবেল। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে তিনি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেন।

তদন্তে ‘অভিযোগের প্রমাণ না পাওয়ার’ কথা জানিয়ে পুলিশ গত ৬ এপ্রিল এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুনের দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, হ্যাপী ধর্ষণের যেসব আলামত উপস্থাপন করেছিলেন তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাদীকে পরীক্ষা করে তিন সদস্যের মেডিকেল বোর্ডও বলেছে, জোরপূর্বক শারীরিক সম্পর্কের কোনো আলামত তারা পাননি।

চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, “বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদিনী প্রাপ্তবয়স্ক নারী। পারস্পরিক সম্মতিতে এ ঘটনা ঘটতে পারে।”

মামলা দায়েরের পর গত বছরের ১৫ ডিসেম্বর হাই কোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। তার মেয়াদ শেষ হওয়ার আগেই ৮ জানুয়ারি মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন এই ক্রিকেটার। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।

পরে ১১ জানুয়ারি রুবেলের জামিনের আবেদন জানানো হলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস তা মঞ্জুর করেন। ওইদিন বিকালে মুক্ত হয়ে পরদিন থেকে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে যোগ দেন রুবেল। ২৪ জানুয়ারি দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেট খেলতে যান এই পেসার।

রুবেলের বিশ্বকাপে খেলতে যাওয়া ঠেকাতে হাই কোর্টেও গিয়েছিলেন ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের নায়িকা হ্যাপী। তবে আদালত তার সেই আবেদনে সাড়া দেয়নি।

ওই মামলা নিয়ে মাসখানেক ধরে তুমুল আলোচনার পর ফেব্রুয়ারির শুরুতে হ্যাপি জানান, রুবেলকে তিনি ‘ক্ষমা করে’ দিয়েছেন।

বিশ্বকাপে রুবেলের কৃতিত্বে উচ্ছ্বসিত এই উঠতি নায়িকা গত মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিনি নিজেও আর মামলা চালাতে ইচ্ছুক নন।

পুরনো খবর:

রুবেলের জামিন বাতিল চেয়ে হ্যাপীর আবেদন
রুবেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই: হ্যাপী