ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে মাদ্রাসাছাত্রের লাশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর স্থানীয় এক মাদ্রাসা ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রহমত উল্লাহ (১৩) কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। সে লেশিয়ারা মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ত।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “সোমবার সকালে লেশিয়ারা গ্রামের একটি ধানক্ষেতে রহমতের লাশ পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
নিহতের বড় ভাই বাবুল মিয়া জানান, ৫ এপ্রিল বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর রহমতের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেছেন বাবুল। তবে কারা রহমতকে হত্যা করেছে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।
