সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত
সিরাজগঞ্জ সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক শিবিরকর্মী নিহত হয়েছেন, যাকে আগের রাতে আটক করেছিল পুলিশ।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার রাত ১২টার দিকে শহররক্ষা বাঁধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর ভোরে আনিছুর রহমান আনিছ (১৮) নামে ওই শিবিরকর্মীর মৃত্যু হয়।
আনিছের বাড়ি উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা-পারকোলা উত্তরপাড়ায়। তিনি শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন; থাকতেন শহরের নবদ্বীপপুলের কাছে ধানবান্ধি মহল্লার ভাই ভাই মেসে।
ওসি জানান, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর জামায়াত-শিবিরের ডাকা হরতালের আগে ভীতি ছড়াতে আনিছের নেতৃত্বে শিবিরকর্মীরা রোববার সন্ধ্যায় সদর থানা এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় পুলিশ ধাওয়া করে আনিছকে আটক করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের নবদ্বীপ পুল সংলগ্ন দুটি মেস থেকে আরও পাঁচ শিবিরকর্মীকে তিনটি হাতবোমাসহ আটক করা হয় বলে জানান ওসি।
“তাদের সহযোগী শিবিরকর্মীদের গ্রেপ্তারের জন্য আনিছকে সঙ্গে নিয়ে রাত ১২টার দিকে শহররক্ষা বাঁধের পাশে একডালা ও গয়লা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় বাঁধ এলাকায় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।”
এরই একপর্যায়ে ‘শিবিরকর্মীদের ছোড়া গুলিতে’ আনিছ আহত হন বলে দাবি করেন ওসি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ ও অর্থোপেডিক বিভাগের মেডিকেল অফিসার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আনিছকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোরের দিকে তার মৃত্যু হয়।
