২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তামাক কোম্পানিগুলো অস্বাভাবিক কোম্পানি’

তামাক কোম্পানিকে অন্য কোম্পানিগুলোর মতো স্বাভাবিকভাবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 11:31 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

তিনি বলেছেন, এটাকে অন্যভাবে দেখতে হবে। স্বাভাবিক কোম্পানি হিসাবে দেখলে ভুল হবে।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘তামাক কোম্পানির মৃত্যুবিপণন কূটকৌশল ও আইন লঙ্ঘন: জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক নীতি সংলাপে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে বর্তমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশপাশি জাতীয় তামাক নীতিমালা প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। আর এজন্য এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

“এসব কোম্পানি যেসব পণ্য উৎপাদন করে তা মানুষের জন্য ক্ষতিকর, যা সবার জানা। অথচ তারা নিষিদ্ধ নয়। এজন্য তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সজাগ থাকতে হবে।”

আগামী বাজেট অধিবেশনে তামাকের ওপর কর সংক্রান্ত প্রস্তাবনা পেশের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আশ্বাস দেন তিনি।

প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন সংসদ সদস্য ডা. হাবিব এ মিল্লাত, নবী নেওয়াজ এবং আবুল কালাম মো. আহসানুল্লাহ চৌধুরী।

এছাড়া ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)এর কান্ট্রি ডিরেক্টর তাইফুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহফুজুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আমিনুল আহসান আলোচক ছিলেন।

সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে কূটকৌশলে তামাকজাতপণ্য প্রচার চালাচ্ছে। এর ব্যাপারে জনগণকে সচেতন করার দায়িত্ব সকলের।

তারা বলেন, বাংলাদেশে তামাক পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা থাকলওে তামাক কোম্পানির প্রলুব্ধকরণ কারক্রম ও হস্তক্ষেপ নিয়ন্ত্রণে তেমন কোনো বিধান নেই।

তামাক ব্যবহারের ক্ষতির দিক তুলে ধরে বাইরের পাশাপাশি সংসদের ভেতরেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্যরা।

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেলসহ গুরুত্বপূর্ণ স্থানের পাশে তামাকজাত পণ্য বিক্রি বন্ধের প্রজ্ঞাপন জারির ওপর জোর দেন তারা।

তামাক পণ্য থেকে আসা সারচার্জের একটি অংশ তামাক ব্যবহারে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের জন্য ব্যয় পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর মো. হাসান শাহরিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করনে আত্মার সহ-আহ্বায়ক নাদিরা কিরণ।

দেশব্যাপী তামাকপণ্যের অবৈধ প্রচার-প্রচারণা বন্ধে বিদ্যমান আইনের সুষ্ঠু বাস্তবায়ন ও এসব কোম্পানির যে কোন ধরণের বাণিজ্যিক কার‌্যক্রম নিয়ন্ত্রণে আর্ন্তজাতিক চুক্তি ফ্রেম ওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে রাষ্ট্রযন্ত্রের স্বস্ব অধিক্ষেত্রে বিধি বিধান প্রণয়ন ও তার বাস্তবায়নের দাবি জানানো হয় নীতি সংলাপে।