সোহাগপুরে হবে গণজাগরণ মঞ্চের বর্ষবরণ
যেসব নারীদের স্বামীহারা করে ফাঁসির দড়িতে ঝুললেন যুদ্ধাপরাধী কামারুজ্জামান, তাদের সঙ্গেই এবার বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করবে গণজাগরণ মঞ্চ।
শনিবার রাতে এই যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় পর এবারের নতুন বছরের প্রথম দিনটি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সেই সোহাগপুরের বিধবাপল্লীতে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তরের ঘাতকমুক্ত আরো সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় বিধবাপল্লীর বীর নারী মুক্তিযোদ্ধাদের সাথে এবারের নববর্ষ উদযাপনের মাধ্যমে বর্ষবরণকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চায় গণজাগরণ মঞ্চ।
তাদের সঙ্গে থাকবে ওই সব বীর নারীদের জন্য নতুন কাপড় ও খাবার।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয় বৃহত্তর মংয়মনসিংহ অঞ্চলের আল বদর কমান্ডার ও জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে।
এর মধ্যে সোহাগপুরে ১২০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার অভিযোগে আপিল বিভাগের চার বিচারপতি সর্বসম্মতভাবে কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করে তার ফাঁসির আদেশ বহাল রাখেন, যা রিভিউ আবেদনেও বহাল থাকে।
শনিবার রাত ১০টা ১মিনিটে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর শনিবার ভোর ৫টার দিকে তার নিজ বাড়ি শেরপুর সদরের বাজিতখিলার কুমরি গ্রামে দাফন করা হয়।
একাত্তরের ২৫ জুলাই ভোরে তার নেতৃত্বে সোহাগপুর গ্রামের ১২০ জন পুরুষকে হত্যা ও গ্রামের নারীদের ধর্ষণ করা হয়।
এক গ্রামে একসঙ্গে এতজন পুরুষকে হত্যার পর গ্রামের অধিকাংশ নারীকে অকালে বৈধব্য নিতে হয়েছিল, যে কারণে সোহাগপুর ‘বিধবাদের গ্রাম’ হিসেবে পরিচিত হয়ে ওঠে।
