২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ফাঁড়ির জমিতে ফেনসিডিলভর্তি রিকশাভ্যান

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বক্সির হাট পুলিশ ফাঁড়ির খালি জমিতে একটি রিকশাভ্যানে ৯২০ বোতল ফেনসিডিল পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার রাতের ওই অভিযানে সঞ্জিত মল্লিক (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সঞ্জিতের আত্মীয় সজীব দাশকে খুঁজছে পুলিশ।

গ্রেপ্তার সঞ্জিত বাঁশখালী উপজেলার কোকদণ্ডী এলাকার ফনিন্দ্র লাল মল্লিকের ছেলে। একটি খাদ্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের পরিবেশক হিসেবে চাকরি করেন বলে দাবি সঞ্জিতের। 

টেরি বাজার সংলগ্ন বক্সির হাট পুলিশ ফাঁড়ির ভবনটি পুরনো হয়ে যাওয়ায় সেটি কয়েক বছর আগে ভেঙে ফেলা হয়।

কোতোয়ালি ‍থানার এসআই জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। ওই খালি জমিটি নাসির উদ্দিন নামের একজন অস্থায়ী দারোয়ান পাহারা দেন।”

দারোয়ান নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৈনিক পাঁচ টাকা ভাড়ায় রিকশা ভ্যানটি রাখতেন সজীব দাশ। তবে নিয়মিত ভ্যানটি আনা-নেওয়া করতেন সঞ্জিত মল্লিক।

রিকশা ভ্যানটির ওপরের অংশ টিন দিয়ে ঘেরা দেওয়া। ভ্যানের মধ্যে কাগজের প্যাকেটে করে বস্তায় ভরে রাখা ছিল ফেনসিডিলের বোতলগুলো।

এসআই জাফর ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে রিকশা ভ্যানটির দিকে নজর রাখা হয়। সন্ধ্যায় সঞ্জিত ভ্যানটি নিতে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

সঞ্জিত সাংবাদিকদের বলেন, “দূর সম্পর্কের আত্মীয় সজীব ভ্যানের চাবি দিয়ে আমাকে গাড়িটি নিয়ে যেতে বলে। আমি ভ্যান নিতে আসি। অন্য কিছু জানি না।”

দারোয়ান নাসির বলেন, “আজ (রোববার) সকালে সঞ্জিত একবার ভ্যানটি নিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে আবার রেখে যায়। একমাস ধরে ভ্যানটি রাতে এখানে রাখা হচ্ছিল।”

এ ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই জাফর ইকবাল।