চট্টগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা দাবি করলেও তার পরিবারের দাবি, নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।
নিহত কেয়া বড়ুয়া (২০) চাঁন্দগাও থানার বাহির সিগন্যাল এলাকার রাজা মিয়ার মিয়ার বিল্ডিংয়ের চতুর্থ তলায় স্বামী মিল্টন বড়ুয়ার পরিবারের সঙ্গে থাকতেন।
কেয়া বড়ুয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্য জোয়ারার দুদুল বড়ুয়ার মেয়ে।
রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে দুদুল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে মেয়ের স্বামীর পাশের ফ্ল্যাট থেকে এক মহিলা ফোনে জানান যে কেয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরই কেয়ার শ্বশুর বাড়ির লোকজন চলে যায় বলে অভিযোগ করেন দুদুল।
“আমার মেয়েকে শ্বাশুড়ি মিনা বড়ুয়া মানসিক নির্যাতন করত। আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে দিত না। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।”
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরার টিপু বড়ুয়ার কুয়েত প্রবাসী সন্তান মিল্টন বড়ুয়া সঙ্গে একবছর আগে বিয়ে হয় সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া কেয়া বড়ুয়ার। দুই মাস আগে দেশে ফেরেন মিল্টন।
মিল্টন বড়ুয়ার ছোট ভাই টিটু বড়ুয়া রোববার দুপুরে মর্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় তার বড় ভাই আর বোন তাদের মাকে নিয়ে চিকিৎসকের কাছে যান। ফিরে এসে কেয়ার কক্ষের সিলিংয়ে লাশ ঝুলতে দেখেন।
তার দাবি, কেয়ার সঙ্গে পরিবারের কারও কোনো ধরনের বিরোধ ছিল না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কেয়াকে হাসপাতালে নেওয়া হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “কেয়ার গলার বাম পাশে কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে প্রকৃত ঘটনা কী?”
নিহতের বাবা দুদুল বড়ুয়া মামলা করবেন বলে জানিয়েছেন।
