২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ভর্তির আবেদন শুরু ২৩ এপ্রিল

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক. প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আগামী ২৩ এপ্রিল শুরু হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন এবং অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে ২৪ মে পর্যন্ত।

ভর্তি পরীক্ষা ১৪ জুন রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০১০ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রার্থীকে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচারে গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষ জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৫০ টাকা জমা দিতে হবে।

অনলাইনে ভর্তি বিষয়ক তথ্যাবলী ওয়েবসাইট www.duet.ac.bd বা টেলিটকের ওয়েবসাইট duet.teletalk.com.bd এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭টি বিভাগে মোট ৫৬০ জনকে (কোটাসহ) ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।