কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলারডুবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যায় একটি কারখানার শ্রমিকবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে, এতে কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।
কারাখনার প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রোববার বিকালে মূলগাঁও এলাকায় একটি মালবাহী জাহাজের ধাক্কায় প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়।
“ডুবে যাওয়া ট্রালারটির সন্ধান না মিললেও প্রাণ কারখানার ২৬ জন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।”
তবে ট্রলারটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।
আলমগীর হোসেন বলেন, “ট্রলারটি শুধু আমাদের শ্রমিক আনাওনেওয়ার জন্য ভাড়া করা হয়েছে। ট্রলারে যাত্রী নেওয়ার সময় একটি রেজিস্টারে তাদের নাম এন্ট্রি করা হয়।
“রোববার বিকালে ২৬ জন শ্রমিক নাম রেজিস্টারে এন্ট্রি করে ট্রলারে উঠেছিল। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা সবাই নদী থেকে উঠে আসতে পেরেছে।”
তবে রেজিস্টারে এন্ট্রির বাইরে কেউ ট্রলারে উঠেছিল কি না তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ছুটি শেষে কারখানার শ্রমিক নিয়ে ট্রলারটি কিছুদূর যাওয়ার পরই একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কায় তা ডুবে যায়।
ঘটনাস্থল থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ট্রলারটিতে রেজিস্টারে এন্ট্রিবিহীন কোনো লোক ছিল কি না কিংবা কেউ ডুবে গেছে কি না তা নিশ্চিত হতে ডুবুরিদের আসার জন্য খবর দেওয়া হয়েছে।
