রাজবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৩
রাজবাড়ীর কালুখালীতে বাসের ধাক্বায় তিন মাহেন্দ্র আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও আটজন।
রাজবাড়ী মহাসড়ক থানার এসআই মিজানুর রহমান জানান, রোববার বেলা ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গাধীমারা দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মাহেন্দ্র চালক সাইদুল (২৫) ছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন জিল্লু (২৫), সিপন (৩০), রাজু (২২), শফিকুল (৩৫) ও কাজল (৩৪)। তাদের বাড়ি মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায়। তিনজনের পরিচয় জানা যায়নি।
পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মিজানুর জানান, পাংশা উপজেলা সদর থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র দুর্গাপুর এলাকায় পৌঁছলে বেলা ২টার দিকে বিপরীতমুখী হানিফ পরিবহনের একটি বাস তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান এসআই মিজানুর।
