হিলারিকে প্রেসিডেন্ট করে ‘বাংলাদেশের দৃষ্টান্ত’ গড়ার আশা
হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করে বাংলাদেশে নারী নেতৃত্বের যে নজির স্থাপিত হয়েছে সে পথে হেঁটে নতুন ইতিহাস গড়ার আশা প্রকাশ করেছেন এক মার্কিন কংগ্রেসওম্যান।
কংগ্রেসের জয়েন্ট ইকোনোমিক কমিটির সদস্য এবং কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য ক্যারলিন মেলনি বলেন, “নারী ক্ষমতায়নের যে উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে তা আমরাও করতে চাই।
“বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকারই শুধু নন, বড় একটি রাজনৈতিক দলের নেতাও মহিলা। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি আজ বিশ্বজুড়ে।”
সন্ত্রাস নির্মূলেও বাংলাদেশের ভূমিকা এখন সব জায়গায় প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হওয়ার দৌঁড়ে থাকার ঘোষণা দিচ্ছেন রোববার।
তার আগের দিন শনিবার বিকালে নিউ ইয়র্ক সিটির ব্যাটারি পার্কে সমবেত হন হিলারির সমর্থকরা।
‘উই আর রেডি ফর হিলারি’ লেখা ব্যানারের সামনে সমবেত হন কয়েকশ মার্কিনী।
নিউ ইয়র্ক থেকে নির্বাচিত এই কংগ্রেস সদস্য সাম্প্রতি বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করেন।
তিনি বলেন, “নারী ক্ষমতায়নের যে উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে, তা আমরাও করতে চাই। ২০০৮ সালের নির্বাচনে প্রথম আফ্রিকান-আমেরিকানকে প্রেসিডেন্ট নির্বাচিত করে আমরা ডেমক্র্যাটরা নতুন ইতিহাস রচনা করেছি।
“এবার হিলারি ক্লিন্টনকে জয়ী করে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট এনে আরেকটি ইতিহাস সৃষ্টি করতে চাই।”
এক্ষেত্রে বাংলাদেশি-আমেরিকানদের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
হিলারির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে দাবি করে মেলনি বলেন, “সারা আমেরিকায় হিলারির পক্ষে নীরব বিপ্লব শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় নামার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ৫০ মিলিয়ন ডলারের তহবিল গঠিত হয়েছে।কয়েক লাখ তরুণ-তরুণী নাম লিখিয়েছেন স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচনী প্রচার টিমে কাজের জন্য।”
এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারে এমন সাড়া পাওয়া গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন ২০০৮ সালেও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য লড়েছিলেন। সে সময় দলীয় প্রার্থী হওয়ার দৌঁড়ে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান তিনি।
ওবামা পরবর্তীতে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী করেন। এ পদে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন সাবেক ফার্স্ট লেডি।
