২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাপানি রাষ্ট্রদূত

বাংলাদেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল (ডায়নামিক) নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 03:24 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে শিগগিরই ব্যাংককে যোগ দেবেন জাপানি এই কূটনীতিক।

সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, “রাষ্ট্রদূত বলেছেন, গত চার বছরে অত্যন্ত ভালো সময় কাটিয়েছেন। তিনি খুব কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্র্যাটেজিক ও ডায়নামিক নেতৃত্ব দেখেছেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।”

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক নতু মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের আতিথেয়তায় নিজে মুগ্ধ এবং বাংলাদেশে জাপানের ব্যবসায়ীরাও ‘তৃপ্ত’ বলে জানিয়েছেন শিরো সাদোশিমা।

চার বছরে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সবচেয়ে বড় বন্ধু জাপান।”

এজন্য জাপানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে নানা ধরনের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই জাপানের বিনিয়োগকারীদের জন্য দুটি অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া হয়েছে।

জাপানে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন বিদায়ী রাষ্ট্রদূত।