যুক্তরাষ্ট্র ও জার্মানি সফরে গেলেন স্পিকার
দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১২ দিনের সফরে যুক্তরাষ্ট্র ও জার্মানি গেলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে স্পিকার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
যুক্তরাষ্ট্র সফরে স্পিকারের সঙ্গে রয়েছেন প্রধান হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সানজিদা খানম এবং সংসদ সচিবালয়ের তিন কর্মকর্তা।
ওয়াশিংটনে আগামী ১২-১৩ এপ্রিল বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আয়োজিত ‘গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্সে’ যোগ দেবেন শিরীন শারমিন।
পরে ১৬-১৭ এপ্রিল ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরাম অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইপিএফ) আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে জার্মানির রাজধানী বার্লিন যাবেন স্পিকার।
আগামী ২১ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৫ দিনের সফর শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন শিরীন শারমিন চৌধুরী।
