২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের নিরাপত্তা জোরদার

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষা চেয়েছেন কি-না সে বিষয়ে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সন্ধ্যা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।      

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 08:37 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফটকের সামনে র‌্যাব ও কারা নিরাপত্তারক্ষীদের দুটি দল দুই স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন। সামনের রাস্তায় পুলিশের সংখ্যাও বেড়েছে।   

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার পর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী কারাগারে ঢোকার পরপরই নিরাপত্তা বাড়ানোর এই প্রক্রিয়া শুরু হয়।

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওপরের নির্দেশেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রিকশা ভ্যানে করে অন্তত আটটি বাঁশ ও বড় আকারের তিনটি কার্টন প্রধান ফটক দিয়ে কারাগারের ভেতরে নিতে দেখা যায়। এর আধা ঘণ্টা পর একটি অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় ত্রিপল।

কারাগারের একজন কর্মকর্তা জানান, ফাঁসির মঞ্চের ওপরে আচ্ছাদন হিসাবে ব্যবহারের জন্য বাঁশ ও ত্রিপল প্রয়োজন হয়। আশেপাশের কোনো উঁচু ভবন থেকে যাতে দেখা না যায় সেজন্য কাদের মোল্লার ফাঁসির সময়ও এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

কারাগারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। আমরা নির্দেশ পেলেই দণ্ড কার্যকর করতে পারব।”