২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের যুবকের গুলিবিদ্ধ লাশ মাগুরায়

নিখোঁজের এক সপ্তাহ পর ঝিনাইদহের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে মাগুরায়।

ঝিনাইদহ প্রতিনিধি

মাগুরা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শুক্রবার মাগুরা সদর উপজেলার আলমখালী ছাচানী গ্রামে তৈয়বুর রহমান তুরানের (৩৬) লাশ পাওয়া যায়।

তৈয়বুর ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আজিজুর রহমান মন্ডলের ছেলে।   

তৈয়বুর রহমানকে স্থানীয় যুবদলকর্মী বলে দলের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ কিংবা পরিবার থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সকাল ৭টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছাচানী এলাকায় রাস্তার পাশে একটি লিচু বাগানে হাত-পা বাঁধা গুলিবিদ্ধ রক্তাক্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে তুলে এনে নির্জন স্থানে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী সুমন বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, তুরান লেদ ব্যবসার পাপশাপাশি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে নির্বাচনের সময় তিনি দলের পক্ষে কাজ কাজ করতেন।

তিনি জানান, এক সপ্তাহ আগে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার সময় প্রশাসনের লোক পরিচয়ে সাদা পোশাকধারী একটি গ্রুপ তাকে তুলে নিয়ে যায়।

নিখোঁজের পর তার স্ত্রী তানিয়া আক্তার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

রাজনৈতিক পরিচয় গোপন রেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ এপ্রিল থেকে তৈয়বুর নিখোঁজ ছিলেন বলে তার স্ত্রী থানায় একটি সাধারণ জিডি করেছিলেন।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কাঞ্জিলাল জানান,  তৈয়বুর যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কি না তা পরিবারের কেউ দাবি করেননি।

তাদের কাছেও এমন কোনো তথ্য নেই বলে তিনি জানান।