গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে মারামারিতে আহত ৩
গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে নিজেদের মধ্যে মারামারি করে তিন কিশোর আহত হয়েছে।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতণ্ডার জেরে এ ঘটে।
লাঠির আঘাতে আহত হয় সোহেল (১৫), ফয়সল (১৬) ও সাদমান (১৭)।
রাতেই আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত ফয়সলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে একদল কিশোরের মধ্যে বয়োজ্যেষ্ঠতা নিয়ে কথাকাটির এক পর্যায়ে তারা কেন্দ্রের ভাঙা আসবাবপত্রের কাঠের টুকরা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।”
শুক্রবার সকালে জেলা সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) শংকর স্মরণ সাহা কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন।
গত বছরের ফেব্রুয়ারিতে এই কেন্দ্রের ২০ কিশোর নিজেদের দেহ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে।
হাসপাতালে তারা চিকিৎসক ও সেবিকাদের জানায়, ঠিকমতো খাবার না দেওয়ায় এবং নির্যাতন করার প্রতিবাদে তারা এ কাজ করেছে।
পরে এ ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে হাই কোর্ট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করার আদেশ দেয়। এরপর কেন্দ্রের তৎকালীন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এসএম আনোয়ারুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফৌজদারী অপরাধে অভিযুক্ত ১৮ বছরের কম বয়সীদের শিশুদের জন্য ১৯৮৭ সালে এই কেন্দ্র চালু করা হয়।
