চট্টগ্রামে মেয়র পদে ১২ জনই প্রার্থী
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দিন ও বিএনপির এম মনজুর আলমসহ ১২ প্রার্থীই লড়াইয়ে থাকছেন।
বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সংরক্ষিত ও সাধারণ মিলিয়ে ৫৫টি কাউন্সিলর পদে ২৭৪ জন প্রার্থী ভোটে থাকছেন।
এর মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলরের ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৬১ জন। বাছাই শেষে ৬২ জনের মনোনয়নপত্র বৈধতা পেলেও একজন প্রত্যাহার করেছেন।
আর ওয়ার্ড কাউন্সিলরের ৪১টি পদে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ২১৩ জন। বাছাই শেষে ২৬৬ জনের মনোনয়নপত্র বৈধতা পেলেও ৫৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, বিএনএফের আরিফ মঈনুদ্দিন, ইসলামী ফ্রন্টের এম এ মতিন, গাজী মোহাম্মদ আলাউদ্দিন, ইসলামিক ফ্রন্টের মুজিবুল হক শুক্কুর, ওয়াইএস হোসেন ভূইয়া, সৈয়দ সাজ্জাদ জোহা, সাইফুদ্দিন আহমেদ রবি, আবুল কালাম আজাদ ও শফিউল আলম।
শুক্রবার সকাল ৯টা থেকে নগরীর মুসলিম হলে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানিয়েছেন।
