২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় এক শিক্ষককে মারধর ও তার মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে উপজেলার গল্লাক পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

হামলার শিকার স্থানীয় মুলপাড়া কারিগরি উচ্চ বিদালয় ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কাউছার আলম বলেন, কেন্দ্রের ৮ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন তিনি।

ওই কক্ষে কিছু ছাত্র নকল করার সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি তাদের বাধা দেন।

পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেন্দ্রের গেইটে আগে থেকে ওঁৎ পেতে থাকা কিছু ছাত্র তার উপর হামলা করে।

“এ সময় তারা আমাকে মারধর এবং আমার মোটরসাইকেল ভাংচুর করে।”

একই কক্ষে দায়িত্ব পালন করা আরেক শিক্ষক মেজবাউল আলম বলেন, “কাউছার আলমের চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেই।”

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ফোনে ওই শিক্ষক তাকে জানিয়েছেন।

লিখিত অভিযোগ দেওয়ার পর এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে তিনি জানান।