২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবার ঘরে আলো যেতে খুব দেরি নয়’

দেশের সব মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে আর ‘খুব বেশি সময়’ লাগবে না বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 02:27 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “বর্তমানে ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাল্লাহ আর খুব বেশি সময় আমাদের লাগবে না, বাকী মানুষের ঘরে আমরা সত্যি আলো জ্বালতে পারব।”

গত ছয় বছরে দেশের বিদ্যুৎ পরিস্থিতির অগ্রগতি আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কিভাবে ভূমিকা রেখেছে তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ইতোমধ্যে মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। কারণ আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এক একটা লক্ষ্য ঠিক করে।”

আগে মানুষের ভাত ও ঘরের চাহিদাই মুখ্য থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে এখন বিদ্যুতের চাহিদা বেড়েছে বলে মনে করেন শেখ হাসিনা।

“চাহিদাটা কিন্তু এখন বদলে গেছে। এখন আর ভাতের হাহাকার না, এখন বিদ্যুৎ চাই। অর্থাৎ তার জীবনটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। এখানেইতো স্যাটিসফেকশন।”

দেশবাসীর জন্য আরো ‘অনেক কাজ’ এখনো বাকি বলে মন্তব্য করেন তিনি।

শতভাগ বিদ্যুৎ দিতে হলে গ্রামের মানুষকেই যে বেশি বিদ্যুৎ দিতে হবে সেকথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের উন্নয়নের যে লক্ষ্য সেটার মূল কথাটা হল, আমরা শুধু শহরের মানুষের সুখ-সুবিধা দেখব- সেটা না। প্রত্যন্ত অঞ্চল, গ্রামের মানুষদের চাহিদা পূরণ করা, তাদের জীবনমান উন্নত করা, তাদের জীবনটাকে আরো সুন্দর করা।”

গ্রাম পর্যায়ে উৎপাদন বাড়াতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এর ফলে গ্রামের মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের জীবন অনেক উন্নত হয়েছে। নিম্নবিত্ত থেকে মানুষ ধীরে ধীরে মধ্যবিত্তে উঠে আসছে। আয়-বৈষম্যটাও কমে গেছে।

“গ্রামের অর্থনীতি যতোটা শক্তিশালী হবে আমরা ততোটা অগ্রগতি লাভ করতে পারব। আমরা চাই আমাদের দেশে ক্ষুদ্র, মাঝারি শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পসহ বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠুক। সেটা করতে গেলে আবারও ওই কথাটা এসে যাবে যে বিদ্যুতের চাহিদা রয়েছে।

“সেখানে আমাদের পল্লী বিদ্যুতের; যদিও পারফরমেন্স ভালো, মাঝখানে একটু যেন ঢিলা হয়ে গিয়েছিল, এখন আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। পল্লী বিদ্যুতের দিকে একটু বেশি নজর দিতে হবে যে, পল্লী বিদ্যুৎটা আরো ব্যাপকভাবে পৌঁছে দেওয়া।”

‘পল্লী জনপদ’ নামে গ্রামের মানুষের জন্য সরকার যে ফ্ল্যাট বাড়ি তৈরির প্রকল্প নিয়েছে সেখানে ‘স্বল্প খরচে’ বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সরকার যে ব্যাপকভাবে শিল্প-কারখানার অবকাঠামো গড়ে তুলতে উদ্যোগী হয়েছে, তাতে বিদ্যুৎ খাতের অগ্রণী ভূমিকার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

“রপ্তানি বাড়াতে গেলে আরো শিল্প-কলকারখানা গড়ে তুলতে হবে। সাতটি বিভাগে সাতটাসহ মোট ২১টা অর্থনৈতিক অঞ্চলের জায়গা নির্দিষ্ট করেছি। অর্থনৈতিক অঞ্চলের জন্য যে জায়গা নির্দিষ্ট করা হয়েছে সেখানে একটি করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দিতে হবে। এখন থেকেই একটা পরিকল্পনা নেওয়া উচিৎ। সেখানে গ্যাস সরবরাহের বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।”

বর্তমানে বাংলাদেশের ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় গত ছয় বছরে উৎপাদন ক্ষমতা প্রায় তিন গুণ বেড়ে এ পর্যায়ে এসেছে।

দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উৎপাদন বাড়ানো ‘একটা দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এজন্য এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদেরও ধন্যবাদ জানান তিনি।

পারমানবিক ও বিদেশ থেকে বিদ্যুৎ আমদানিসহ বহুমুখী বিদ্যুৎ উৎসের কথাও তুলে ধরেন তিনি।

“এজন্য বহুমূখী পরিকল্পনা আমরা নিয়েছি। যেমন সোলার এনার্জিটাকে আরো কাজে লাগাতে হবে। এটা প্রাথমিকভাবে একটু খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে এটার অনেক লাভ রয়েছে।”

তার সরকারের সময় ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এটাও বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, এক দেশ থেকে আরেক দেশে বিদ্যুৎ আমদানি করা। এটা এ অঞ্চলে ছিল না।”

ভারত ছাড়াও নেপাল ও ভুটান থেকে আরও বিদ্যুৎ কেনার সম্ভাবনার কথাও জানান তিনি।

পাশাপাশি নতুন যন্ত্রপাতি বসিয়ে ‘পুরনো জরাজীর্ণ’ বিদ্যুৎ কেন্দ্রগুলো সংস্কার করে জ্বালানি খরচ কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান।

গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য আরো বেশি গ্যাস কূপ খনন করার ওপর গুরুত্ব দেন তিনি। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তি হওয়ায় সেখানে গ্যাসের পাশাপাশি তেলও পাওয়া যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী।

সমুদ্রে তেল-গ্যাসের জরিপ ও সম্পদ আহরণের দিকে আরো ‘নজর’ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে স্কুল থেকেই শিক্ষা দেওয়া উচিৎ বলে মনে করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে নাশকতার প্রসঙ্গও উঠে আসে।

তিনি বলেন, “কোনো রাজনীতিবিদ- যার দেশের জন্য এতটুকু ভালবাসা আছে, দরদ আছে, মায়া আছে বা দেশের স্বার্থের জন্য যে রাজনীতি করে সে এ ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পারে না।

“আমাদের দুর্ভাগ্য যে, গত তিনমাস ধরে এ ধরনের ঘটনা ঘটে গেছে। আমরা আশা করছি এ ধরনের ঘটনা থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব।”