২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানকে ‘আজই’ জানাতে হবে: প্রতিমন্ত্রী

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে সিদ্ধান্ত বৃহস্পতিবারই জানাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 01:32 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

তিনি বলেছেন, “সেটা তো আমাদের আজকেই জানাতে হবে, তিনি চান কি না। আমাদের কাছে যে নির্দেশ এসেছে আদালত থেকে সে অনুযায়ী আইজি প্রিজন্স কাজ করছেন।” 

আইনজীবীরা বৃহস্পতিবার কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী কামাল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, ‘আদালতের রায়ের নির্দেশনা ও কারাবিধি’ অনুযায়ীই তারা সব পদক্ষেপ নেবেন।

“মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে কিছু সময়ের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট দেখা করবেন। কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য আবেদন করলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। অন্যথায় রায় দ্রুত কার্যকর করবে সরকার।”

কামারুজ্জামান সিদ্ধান্ত জানাতে কত সময় পাবেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন,  “ভেবে চিন্তে বলুক আর যেভাবে বলুক। আমরা তার কথাটির জন্য অপেক্ষা করছি। তিনি যদি ক্ষমা ভিক্ষা না চান, তাহলে যেটা আইন অনুযায়ী করণীয় সেটা আমরা করব।”

প্রাণভিক্ষা না চাইলে বৃহস্পতিবারই এই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করা হবে কি না- এমন প্রশ্নে কামাল বলেন, “আজই হবে কি না তা আমি বলতে পারব না। তবে সময় মতোই কার্যকর হবে।”

রায় কার্যকরে ‘কোনো বিলম্ব হচ্ছে না’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন,“আপনারা নিশ্চিত থাকেন, যথাযথভাবেই এ প্রক্রিয়া শেষ হবে। আমাদের ম্যাজিস্ট্রেট তার কাছে যাবে। তার বক্তব্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর তার অন্যতম আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না তা তিনি ‘ভেবে জানাবেন’।

 “উনি বলেছেন, এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি চিন্তা করবেন, ভেবে দেখে সিদ্ধান্ত নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে তা জানাবেন।”

ভেবে দেখার জন্য কামারুজ্জামান ‘যৌক্তিক সময়’ নিতে চেয়েছেন বলেও শিশির মনির সাংবাদিকদের জানান।

“তিনি রিজনেবল সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন।...উনি ভাবনার সময় নিয়েছেন, চিন্তার সময় নিয়েছেন, কখন কারা কর্তৃপক্ষকে জানাবেন... কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন।”

ফৌজদারী মামলায় ফাঁসির রায়ের আগে প্রাণভিক্ষার এই আনুষ্ঠানিকতার জন্য ৭ থেকে ২১ দিনের সময় বেঁধে দেওয়া থাকলেও যুদ্ধাপরাধ মামলার রায়ের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলে আগেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত সোমবার রিভিউ খারিজের রায়ের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তির জন্য আইনে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। আসামি কখন প্রাণভিক্ষা চাইবেন- সে বিষয়েও স্পষ্ট কোনো বিধান নাই। এর আগে কাদের মোল্লার রিভিউ পিটিশন খারিজের রায়ে প্রাণভিক্ষার আবেদন করার জন্য ‘যৌক্তিক সময়’ দেওয়ার কথা বলা হয়েছে।

“তবে এর মানে এই নয় যে, ৭ দিন বা ১৫ দিন সময় পাবে। জেল কর্তৃপক্ষ এটা তাকে (কামারুজ্জামানকে) জানাবে, জানানোর পর একটি সময় প্রদান করা। সেটা বিবেচনা করবে জেল কর্তৃপক্ষ।”

২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধ মামলার প্রথম আসামি হিসেবে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে ময়মনসিংহের আল বদর কমান্ডার কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখানেও তার সর্বোচ্চ শাস্তি বহাল থাকে।

সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য কামারুজ্জামানের আবেদন গত সোমবার খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

বুধবার দুপুরে রায়ে বিচারপতিদের সইয়ের পর তা কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ ওই রায় পড়ে শুনিয়ে ‘প্রাণভিক্ষা করবেন কি না’ জানতে চাইলে কামারুজ্জামান আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় চান।  

এর আগে রিভিউ খারিজের দিনই কারা কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

পুরনো খবর:

কামারুজ্জামান ‘ভাবছেন’