‘বিলম্বিত’ ১৩ প্রার্থীর বিরুদ্ধে আপিল করবে ইসি
উচ্চ আদালতের আদেশে নির্ধারিত সময়ের পরে জমা নেওয়া ঢাকার ১৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলে আপিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত হয়েছে বলে কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান জানিয়েছেন।
আপিলে আবেদনের রায় কমিশনের পক্ষে এলে ওই কাউন্সিলরদের প্রার্থিতা বাতিল হবে। আর ভোট হয়ে যাওয়ার পর যদি আদেশ আসে, সেক্ষেত্রে এদের কেউ জিতলেও তিনি প্রার্থিতা হারাবেন।
ঢাকা উত্তর ও দক্ষিণের ১৩ জন আগ্রহী প্রার্থী গত ২৯ মার্চ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়ে হাই কোর্টে গেলে আদালত মনোনয়নপত্র নিতে নির্বাচন কমিশনকে আদেশ দেয়।
২ এপ্রিল বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র নেন, যার মধ্যে বাছাইয়ে অধিকাংশই বৈধতা পেয়েছে।
কমিশন বলছে, হাই কোর্টের আদেশে নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা নেওয়া হয়, আবার আদালতের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিল করার অধিকারও রয়েছে।
সংবিধানের ১২৫ অনুচ্ছেদের (গ) উপধারায়ও এ ব্যাপারে নির্দেশনা আছে।
তফসিল ঘোষণার পর নানা বিষয়ে অনেকে আদালতের শরণাপন্ন হন এবং স্থগিতাদেশ নিয়ে আসেন। এতে নির্বাচন আয়োজনে অর্থের অপচয়ের পাশাপাশি কমিশনের ওপর এক ধরনের চাপও তৈরি হয়।
তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পথ বন্ধ করতে এটিএম শামসুল হুদার কমিশনের প্রস্তাবের আলোকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ১২৫ অনুচ্ছেদে (গ) উপধারা যুক্ত করা হয়।
ওই ধারায় বলা হয়, “কোন আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা করেছে এরূপ কোন নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করে, অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করবেন না।”
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আদালত সময় স্বল্পতায় তাদের নোটিস কিংবা শুনানির সুযোগও দিতে পারেনি।
মো. শাহজাহান বলেন, “অবশ্যই আমরা এদের বিষয়ে আপিল করব। তফসিল ঘোষণার পর নির্বাচনের বিষয়ে ইসির শুনানির সুযোগ রয়েছে। বিধান মতেই সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর বিষয়ে আপিল করব আমরা।”
১৩ জন প্রার্থীর মধ্যে বাছাইয়ে ১১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এরা হলেন- উত্তরে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম, শাহানাজ হাবীব, নার্গিস বেগম বেবী, মাহবুব ফয়েজ ও আলেয়া খাতুন।
দক্ষিণে আবদুল কাদির, মকবুল ইসলাম খান টিপু, সংরক্ষিত প্রার্থী শামীমা জাহান লাজু, শামসুন নাহার, রুমা আক্তার ও মনোয়ারা বেগম।
তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে।
