ঢাবি উপাচার্যের সই জাল করে ধরা ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাক্ষর জাল করে দুই শিশুকে স্কুলে ভর্তি করাতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতাসহ চার জন।
বুধবার দুপুর আড়াইটার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
আটকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার সিদ্ধার্থ এবং দুই ছাত্রের অভিভাবক কাইয়ুম রহমান, মিরাজ আহমেদ মিন্টু ও তাসলিমা ফাতেমা।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রথম শ্রেণিতে দুই শিক্ষার্থীকে ভর্তির করানোর জন্য অভিভাবকের সঙ্গে ছাত্রলীগ নেতা সিদ্ধার্থের ৮০ হাজার টাকা চুক্তি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুপারিশ নিয়ে বুধবার সকালে শিক্ষার্থী ও অবিভাবকসহ স্কুলে যায় সিদ্ধার্থ।
কিন্তু ভর্তির সুপারিশে স্বাক্ষর দেখে প্রিন্সিপালের সন্দেহ হলে তিনি উপাচার্যকে বিষয়টি অবহিত করেন। এ সময় উপাচার্য তাকে জানিয়ে দেন তিনি এমন সুপারিশ করেননি।
পরে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদের মাধ্যমে সিদ্ধার্থ ও তিন অভিভাবককে শাহবাগ থানা পুলিশে দেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের বলেন, উপাচার্যের স্বাক্ষর জালিয়াতি করে দুই শিক্ষার্থীকে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা এবং তিন অভিভাবককে আটক করে থানায় দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেবাশীষের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল কর্তৃপক্ষ আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের মাধ্যমে পুলিশের কাছে এসেছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিকে এ ঘটনার পর দেবাশীষ শিকদার সিদ্ধার্থকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান সালাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
