২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে একটি চায়ের দোকান থেকে এক যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 10:21 AM

Updated : 22 Aug 2022, 12:03 PM

নিহত মোহাম্মদ হানিফ ওরফে মমা (৩০) যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সন্ত্রাসী গোষ্ঠী ‘জিহাদ বাহিনীর’ সদস্য ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।   

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জামাল হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গণেশ্যামপুর গ্রামে তাকে ধরে নিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী।  

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হানিফ যুবলীগের মিছিল মিটিং করতেন। এর বাইরে সে (হানিফ) কী করেন সে বিষয়ে আমাদের কিছু জানা ছিল না।”  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জামাল জানান, রাতে একটি চায়ের দোকানে বসে ছিলেন মমা। এসময় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ওই চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি বাগানে নিয়ে তার দুই পায়ে গুলি করে ফেলে রেখে যায় তারা।

রক্তক্ষরণে ঘটনাস্থলেই মমার মৃত্যু হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই তার লাশ উদ্ধার করে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।