২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরুলসহ ২১ জন অতিরিক্ত ডিআইজি হলেন

জন প্রশাসনে পৌনে নয়শ’ কর্মকর্তার পর পুলিশ প্রশাসনে অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার পদে শতাধিক কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এর মধ্যে মনিরুল ইসলামসহ ২১ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

জন প্রশাসনে পদোন্নতির একদিন পর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশে ১৩৪ জনকে এই পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।

এদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. মনিরুল ইসলামও রয়েছেন। একই পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়ও।  

Image
মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম

এছাড়াও রয়েছেন ঢাকা মহানগরের উপ-কমিশনার খন্দকার লুৎফুল কবির, মো. একরামুল হাবীব ও জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, রাজশাহী মহানগরের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, সিলেট মহানগরের উপ-কমিশনার মো. আকরাম হোসেন।

পুলিশ সদর দপ্তরের মো. হারুন আর রশিদ, মো. সরওয়ার ও মোহাম্মদ আবদুল আলীম মাহবুদ, ঢাকায় সিআইডিতে কর্মরত মোহাম্মদ মুসলিম ও মো. মাহবুবুর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন।

ঢাকা পিবিআইর চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোরশেদ আলম, রাজশাহীর সরদায় কর্মরত সেলিম মো. জাহাঙ্গীর, শিল্প পুলিশের পরিচালক মোর্শেদুল আনোয়ার খান,  ঢাকার টুরিস্ট পুলিশের মো. আবদুল মালেকেরও পদোন্নতি হয়েছে।  

ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নে কর্মরত মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া, বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, ঢাকার এসবির পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরীও অতিরিক্ত ডিআইজি হয়েছেন।  

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানিয়েছেন।

এছাড়া তিন ডিআইজি ও পাঁচ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে বলে জানান তিনি।