লিবিয়া থেকে ফিরেছেন হেলাল
লিবিয়ায় আইএস জঙ্গির হাত থেকে মুক্ত হেলাল উদ্দিন দেশে ফিরেছেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের হেলাল সোমবার বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দরে নামেন।
হেলালের মেয়ে হেলেনা সাংবাদিকদের বলেন, “বাবা বিমান বন্দরে নেমেই বাড়িতে ফোন করেন। তিনি বিমান বন্দর থেকে বাড়িতে রওনা হয়েছেন।”
হেলালের ফেরার খবরে তার স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
গত ৬ মার্চ লিবিয়ায় আইএস জঙ্গিরা হেলালকে অপহরণ করে, তার সঙ্গে অপহৃত হয়েছিলেন নোয়াখালীর আনোয়ার হোসেন নামে আরও এক বাংলাদেশি।
দুজনের সঙ্গে বিদেশি আরও কয়েকজনকে আইএস জঙ্গিরা অপহরণ করলেও ২৪ মার্চ মুক্তি পান দুই বাংলাদেশি।
ইয়েমেন থেকে সরানো হচ্ছে বাংলাদেশিদের
ইয়েমেনে যুদ্ধের মধ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ওমান সফরে থাকা প্রতিমন্ত্রী রোববার তার ফেইসবুক পাতায় লিখেছেন রোববার বিকালে স্ট্যাটাসে লিখেছেন, ভারতীয় জাহাজ তিনজন বাংলাদেশিকে সানার কাছের শহর আল হুদাইয়া থেকে উদ্ধার করেছে। তারা এখন জিবুতিতে অবস্থান করছেন।
পরে রাতে আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, সানায় একটি উড়োজাহাজ পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে। বিমান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শাহরিয়ার আলম সোমবার জানিয়েছেন, ইয়েমেনের আল মুকাল্লায় ১৪ জন বাংলাদেশির সন্ধান পাওয়া গেছে।
যুদ্ধ শুরুর আগে ইয়েমেনে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি ছিলেন বলে সরকারের হাতে তথ্য রয়েছে।
ওমান বাংলাদেশিদের তাদের সীমান্ত পথ দিয়ে চলে আসার অনুমতিও দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
“আমরা আশা করছি, আল হুদাইয়া থেকে মঙ্গলবার অন্তত একশ বাংলাদেশিকে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে সরিয়ে নেওয়া হবে।”
মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে গত কয়েক মাস ধরে অস্থিরতা চলছে।
