২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিগগিরই’ ফিরছেন আনোয়ার, ‘সময় লাগবে’ হেলালের

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে মুক্তি পাওয়া আনোয়ার হোসেন ‘আগামী কয়েক দিনের মধ্যে’ দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার পরিবার।

জামালপুর প্রতিনিধি

নোয়াখালী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 09:31 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

তবে মুক্তি পাওয়া আরেক বাংলাদেশি হেলাল উদ্দীন তার পরিবারকে ফোন করে জানিয়েছেন, তার ফিরতে আরও সময় লাগবে।  

লিবিয়ার আলগানি তেলক্ষেত্রের কর্মী আনোয়ার ও হেলালকে গত ৬ মার্চ আরও সাত বিদেশির সঙ্গে অপহরণ করে আইএস জঙ্গিরা।

১৮ দিন অজ্ঞাত স্থানে আটকে রাখার পর গত ২৪ মার্চ তাদের মুক্তি দেওয়া হয়।

আনোয়ার হোসেনের স্ত্রী মারুফা খাতুন মনি শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে স্বামীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। আনোয়ার জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েচপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে আনোয়ার হোসেন ২০১০ সালে লিবিয়ায় যান। সেখানে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন তিনি।

আনোয়ারের স্ত্রী মারুফা খাতুন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন। তিনি জানান, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে তাকে ফোন করেছিলেন তার স্বামী। 

এদিকে হেলাল জামালপুরে নিজের পরিবারকে ফোন করে জানিয়েছেন, রোববার তার ফেরার কথা থাকলেও আরও কয়েকদিন সময় লাগবে। 

হেলালের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামে। তার স্ত্রী আলেয়া বেগম তিন সন্তানকে নিয়ে সেখানেই থাকেন।

হেলালের বড় মেয়ে হেলেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা বলেছিল রোববার দেশে ফিরবে। কিন্তু কয়েকদিন আগে ফোন করে জানালেন রোববার আসতে পারছেন না।”

হেলাল তাদের জানিয়েছেন, অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করতে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তার সহযোগিতা চেয়েছে। এ কারণে তার ফিরতে আরও কয়েক দিন সময় লাগবে।

তবে সুস্থ আছেন জানিয়ে শিগগিরই দেশে ফেরার আশার কথা মেয়েকে বলেছেন হেলাল। 

পুরনো খবর:

আইএস মুক্তি দিল দুই বাংলাদেশিকে
পরিবারকে ‘ফোন করেছেন’ লিবিয়ায় জিম্মি হেলাল
স্বস্তি ফিরেছে হেলাল ও আনোয়ারের পরিবারে