মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নিন্দা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারদলীয় মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ করে নিন্দা জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপিসমর্থিত সংগঠনটির পক্ষ থেকে মেয়রপ্রার্থী এম মনজুর আলমের পক্ষের সমর্থক নেতা-কর্র্মীদের নির্বিচার গ্রেপ্তার, কুৎসা রটনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কলুষিত করার চেষ্টায় উদ্বেগও জানানো হয়।
বিএনপির সমর্থন নিয়ে উন্নয়ন আন্দোলনের হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র মনজুর।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সরকারের মন্ত্রী, তাদের মেয়র প্রার্থীসহ দায়িত্বশীল নেতারা শত শত মোটরযান নিয়ে মনোনয়নপত্র জমাদান, তারকা হোটেলে একাধিক মন্ত্রী-নেতাদের উপস্থিতিতে রাজকীয় ভুরিভোজের আয়োজন করেছে।
সরকারের মন্ত্রী ও দলীয় নেতারা সিটি নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করার কূটকৌশল করছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাবেক সফল মেয়র মনজুর আলমের ক্লিন ইমেজ, সততা, বিনয় ও দানশীলতার মত মানবীয় গুণাবলীর বিপরীতে প্রতিপক্ষ অরুচিকর ভাষায় চরিত্র হনন ও কুৎসায় মতে উঠেছেন।
বিবৃতিতে সকলকে জনগণের ওপর আস্থা রেখে উসকানি, উত্তেজনাকর বক্তব্য না দিয়ে সুষ্ঠু, সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
