শেরপুরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক
কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে সামনে রেখে শেরপুরে নিরাপত্তা জোড়দার করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখা এবং তা কার্যকর নিয়ে উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনী এলাকায় টহল দিচ্ছে।
এছাড়া কামারুজ্জামানের বাড়ি বাজিতখিলাসহ আশপাশের এলাকা ও শেরপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও এপিবিএন মোতায়েন করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে তিনি জানান, শেরপুরের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে যায় সোমবার।
এ খবর প্রকাশের পর জামায়াতে ইসলামী মঙ্গলবার ও বুধবার সারাদেশে হরতাল আহ্বান করেছে।
এছাড়া নোয়াখালীতে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে গুলিতে এক শিবির সাথী নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরকর্মীরা একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
