সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রাক চাপায় নিহত হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদ (১২)।
মাসুদ স্থানীয় ঘোড়ামাড়া এলাকার নোয়ামিয়া বাড়ির মো. দৌলার ছেলে। সে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
মহাসড়ক পুলিশের বার আউলিয়া ফাঁড়ির ওসি মো. ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রয়েল সিমেন্টের একটি গাড়ি মাসুদকে চাপা দিলে হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে ভোরে মহাসড়কের সীতাকুণ্ড মাদাম বিবিরহাটে কভার্ডভ্যান চাপায় মো. মানিক (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইয়াছিন বলেন, ঢাকামুখী একটি কভার্ডভ্যান মানিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মানিক সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট খাদেমপাড়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে।
