বিকালে কামারুজ্জামানের সাক্ষাৎ চান আইনজীবীরা
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে আলোচনার জন্য বিকালে ফাঁসির আসামি মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করার আবেদন করেছেন তার আইনজীবীরা।
যুদ্ধাপরাধী এই জামায়াত নেতার আইনজীবী শিশির মনির সোমবার বেলা ১১টার দিকে ওই আবেদন নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলকে এ কারাগারে রাখা হয়েছে।
ওই রায়ে ট্রাইব্যুনালের দেওয়ার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। এর বিরুদ্ধে কামারুজ্জামান রিভিউ আবেদন করলে সোমবার তাও খারিজ হয়ে যায়।
শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পাঁচজন আইনজীবী বিকাল ৪টায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আবেদন দেখে তারপর সিদ্ধান্ত জানাবেন।
বেলা ১২টা পর্যন্ত আদালতের কোনো নির্দেশনাও হাতে পাননি বলে কারা তত্ত্বাবধায়ক জানান।
সকালে রিভিউ আবেদন খারিজের আদেশের পর শিশির মনির সাংবাদিকদের জানিয়েছিলেন, কামারুজ্জামানের সঙ্গে দেখা করে তার নির্দেশনা নিয়েই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না জানতে চাইলে এই আইনজীবী বলেন, “কারা কর্তৃপক্ষ যোগাযোগ করলে তারা দেখা করবেন। কারাগার থেকে এখনো এ বিষয়ে যোগাযোগ করা হয়নি।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইতোমধ্যে জানিয়েছেন, কামারুজ্জামানের দণ্ড কার্যকরের আগে তার প্রাণভিক্ষার আবেদন ও পরিবারের সাক্ষাতের বিষয়টিই কেবল বাকি আছে।
নিয়ম অনুযায়ী কামারুজ্জামান অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
নিয়ম অনুযায়ী তার আগে কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হবে।
এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন।
দণ্ড কার্যকরের প্রস্তুতি জানতে চাইলে ফরমান আলী বলেন, “সরকার যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছি।”
